অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রসুল। ছবি: ধ্রুব নিউজ
দেশ ও গণতন্ত্র রক্ষা এবং একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক গোলাম রসুল। তিনি ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
সোমবার (২ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মহিলা সমাবেশ উপস্থিত নেতৃবৃন্দ ধ্রুব নিউজ
অধ্যাপক গোলাম রসুল তার বক্তব্যে বলেন, বিগত সময়ে যারা এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাদের অনেকেই ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িয়ে জনগণের আমানত খেয়ানত করেছেন। কিন্তু জামায়াতে ইসলামীর কোনো সংসদ সদস্য কিংবা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির সামান্যতম নজিরও কেউ দেখাতে পারবে না। তিনি আরও যোগ করেন, দেশকে লুটেরা ও দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
নারীদের রাজনৈতিক অধিকারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জামায়াতের নারী কর্মীদের ওপর যারা হামলা চালাচ্ছে, তারা সুস্থ গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী নয়। নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া বা আক্রমণ করা স্পষ্টতই গণতন্ত্রের পরিপন্থী। এমন অপশক্তিকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।
শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: এনসিপি অভয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী শাহজাহান কবির, অভয়নগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মতিয়ার রহমান।
সমাবেশে শ্রীধরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।