ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিকরগাছা, যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির জারি করা কারণ দর্শানোর (শোকজ) নোটিশের লিখিত জবাব প্রদান করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোছাঃ সাবিরা সুলতানা। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি এই জবাব দাখিল করেন।
লিখিত জবাব প্রদান শেষে সাবিরা সুলতানা বলেন, তিনি আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী। কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি কিংবা রাজনৈতিক চাপের কাছে তিনি কখনোই নতিস্বীকার করবেন না বলে পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করা স্বাধীনতাবিরোধী ও চক্রান্তকারী গোষ্ঠী যত ষড়যন্ত্রই করুক না কেন, জনগণের ভালোবাসা, আস্থা ও অকুণ্ঠ সমর্থনে গড়ে ওঠা তার জনপ্রিয়তা তারা কখনোই দমিয়ে রাখতে পারবে না।
আদালতে এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত রহমান কল্লোল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিঃ নওয়াজীস ইসলাম রিয়েল।
শুনানি শেষে সাবিরা সুলতানা সাংবাদিকদের বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। যশোর-২ আসনের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে ধানের শীষ প্রতীকে তাদের দৃঢ় অবস্থান আবারও প্রমাণ করবে।