বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নে বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল ছবি: ধ্রুব নিউজ
বাঘারপাড়া, যশোর: উপজেলার ধলগ্রাম ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ধলগ্রাম ইউনিয়ন শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলের এই সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব বরদাশত করা হবে না। অবহেলিত সকল ধর্ম ও বর্ণের মানুষ যেন একজন গর্বিত বাংলাদেশি হিসেবে নির্বিঘ্নে সমঅধিকার ভোগ করতে পারে, জামায়াতে ইসলামী সেই ইনসাফ কায়েমের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’
এদিনের জনসভার স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এক নেতাকর্মী জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মাহাবুবুর রহমান, আব্দুল গনি কাজী, বাবু চিত্ত রঞ্জন বিশ্বাস, হারুন মোল্যা, মশিআর রহমান ও আকরাম খানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার। যশোর জেলা জুলাই যোদ্ধা সংগঠক শোয়েব আকতার ও উপজেলা এনসিপির সংগঠক আল মামুন। বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত মনোনীত ধলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান মিঠু মোল্যা।
ইউনিয়ন আমীর মাওলানা ওসমান গনি ও ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভা শেষে অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের হয়। ‘মিছিলটি ধলগ্রাম ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।