আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন করতে যশোরে শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা। বুধবার (২৮ জানুয়ারি) শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট চাচড়া মোড়ে এই বিশেষ ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। গত ২২ ডিসেম্বর শুরু হওয়া এই কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।
এই ভ্রাম্যমাণ প্রচারণায় জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং প্রবাসীদের ভোটাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রচারের পাশাপাশি আঞ্চলিক ভাষায় সচেতনতামূলক গান ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। ভোটারদের সরাসরি অংশগ্রহণের জন্য রয়েছে উন্মুক্ত ‘স্বাক্ষর বোর্ড’ এবং গণভোট বিষয়ক ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পেইন।
যশোর জেলা তথ্য অফিসার রেজাউল করিম বলেন, "এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা। 'ভোটের গাড়ি' জেলার বিভিন্ন জনবহুল এলাকায় ঘুরে ভোটারদের উদ্বুদ্ধ করছে এবং ২০২৬ সালের নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিচ্ছে।"
চাচড়া মোড়ে অনুষ্ঠিত এই আয়োজনে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ব্যতিক্রমী প্রচারণার ফলে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ইতিবাচক ধারণা তৈরি হবে।