ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
দাড়িপাল্লার প্রার্থী ডাক্তার ফরিদের উঠানে নারী ভোটারদের ঢল নামে ছবি: ধ্রুব নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে 'দাঁড়িপাল্লা' প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর পক্ষে নারীদের উঠান বৈঠক ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ঝিকরগাছার নাভারণে প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের বাসভবনে এই বর্ণাঢ্য আয়োজন হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন চৌগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুসলিমা খাতুন। এরপর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন জেলা কর্মপরিষদের সদস্য সাহানা আক্তার লাইলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চৌগাছা থানার দায়িত্বশীল শাহিনা খাতুন।
সমাবেশে মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের সহধর্মিণী নাসরিন ফরিদ। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামালুন্নেসা হাসি।
অতিথিরা তাদের বক্তব্যে আধুনিক সমাজ গঠনে নারী শক্তির গুরুত্ব, নৈতিক নেতৃত্বের আবশ্যকতা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় শূরা সদস্য এবং চৌগাছা–ঝিকরগাছা আসনের পরিচালিকা সেলিনা খাতুন। সবশেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন যশোর–কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালিকা ফিরোজা ইয়াসমিন বিউটি।
উঠান বৈঠকটিতে স্থানীয় নারী ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং আগামী দিনের সমৃদ্ধির লক্ষ্যে 'দাঁড়িপাল্লা' প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হতে নারী সমাজকে উৎসাহিত করেন।