আমিনুর ইসলাম, খুলনা
জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সার্কিট হাউস ময়দানে উপস্থিত হয়ে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন, সোমবার বিকেলে। ছবি: ধ্রুব নিউজ
খুলনা: ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আগামীকাল (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখার উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা। জনসভাকে কেন্দ্র করে আজ বিকেলের দিকে সভাস্থল পরিদর্শন করেছেন দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও খুলনার বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা।
সোমবার বিকেলে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সার্কিট হাউস ময়দানে উপস্থিত হয়ে মাঠের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তারা সেখানে আসরের নামাজ আদায় করেন এবং পরবর্তীতে মঞ্চ নির্মাণ, প্যান্ডেল ও মাঠের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় প্রস্তুতির কাজে নিয়োজিত বিভিন্ন উপ-কমিটির নেতা-কর্মীদের সঙ্গে তারা মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আগামীকালের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও খুলনার ছয়টি আসনের ১০ দলের সমর্থিত মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ এবং জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন।

মাঠের প্রস্তুতি দেখছেন নেতৃবৃন্দ ছবি: ধ্রুব নিউজ
পরিদর্শনকালে নেতারা মঞ্চ নির্মাণ, মাইক ও শব্দব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং স্বেচ্ছাসেবক দলের মহড়া তদারকি করেন। জনসভা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় ও স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে জনসভার প্রচার-প্রচারণা তুঙ্গে রয়েছে। শহর ও জেলার প্রতিটি এলাকায় মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন নেতৃবৃন্দ।
দলের নেতারা বলেন, আমাদের প্রধান লক্ষ্য একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জনসভা উপহার দেওয়া। মাঠের প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ, আগামীকালের জনসভা খুলনার রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।
বর্তমানে খুলনার নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে।