নিজস্ব প্রতিবেদক
যশোর: ঝুমঝুমপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্বাচনী ব্যানার টানানোর সময় এক জামায়াত নেতা ও তার পিতাকে মারপিটের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) ঝুমঝুমপুর বিশ্বাস পাড়া ক্লাব মোড়ের লোকমান উদ্দিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, আব্দুল মজিদ মোল্লার ছেলে শাহিন হোসেন, মৃত আকবর আলীর ছেলে আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মৃত জয়নাল মোল্লার ছেলে আইয়ুব আলী, বাবর আলীর ছেলে রবিউল ইসলাম, রকিম, আনসার আলী মোল্লার ছেলে আনারুল ইসলাম, জামিরুল ইসলাম । আসামিরা সবাই ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী লোকমান উদ্দিনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। আসামিরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে পরিচিত। বাদীর ছেলে এনামুল কবির মুক্তি ঝুমঝুমপুর ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
গত ২২ জানুয়ারি সকালে ঝুমঝুমপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে আসামি রবিউলের চায়ের দোকানের সামনে নির্বাচনী ব্যানার টানানোর প্রস্তুতি নিচ্ছিলেন এনামুল কবির মুক্তি। ওই সময় আসামিরা অতর্কিতভাবে মুক্তির ওপর হামলা চালায়। ছেলের চিৎকার শুনে পিতা লোকমান উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে আসলে আসামিরা তাকেও বেধড়ক মারপিট করে।
হামলায় গুরুতর আহত লোকমান উদ্দিন ও তার ছেলে মুক্তিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এই ন্যাক্কারজনক হামলার বিচার চেয়ে লোকমান উদ্দিন কোতয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।