নিজস্ব প্রতিবেদক
জনতার হাতে আটক ডাকাত মিন্টু গাজী ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে মিন্টু গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযোগ করা হচ্ছে আগে থেকেই ওই বাড়ির রান্না করা খাবারে চেতনা নাশক মেশানো হয়েছিলো। আটক মিন্টু গাজী যশোরের মণিরামপুর কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ৫-৬ জনের একটি ডাকাত দল সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকার মতিউর রহমানের বাড়িতে প্রবেশ করে। এর আগেই বাড়ির লবণ, হলুদ ও রান্না করা মাংসে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে পরিবারের সদস্যদের অসুস্থ করে ফেলার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা অসুস্থ বোধ করলে তাদের সন্দেহ হয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তারা সতর্ক অবস্থানে থাকেন।
একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা বাড়ির গেটের তালা খোলার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির বাসিন্দা জাকারিয়া হোসেন শান্ত। এ সময় ডাকাত দলের সদস্যরা তার মাথায় অস্ত্র ঠেকায়। পরিস্থিতি বুঝে শান্ত কৌশলে লাঠি দিয়ে আঘাত করলে মিন্টু গাজী মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার (এসআই) দীনেশ ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি আটক মিন্টু গাজীকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যান।