নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের মধ্যে এক হৃদ্যতাপূর্ণ ফোনালাপ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের মোবাইল ফোনের মাধ্যমে এই দুই শীর্ষ নেতা কথা বলেন।
ফোনালাপের শুরুতে তারা একে অপরের ব্যক্তিগত ও পারিবারিক কুশলাদি বিনিময় করেন এবং পরস্পরের শুভকামনা ও সহযোগিতা প্রত্যাশা করেন। আলাপকালে উভয় নেতা একমত পোষণ করেন, রাজনৈতিক আদর্শ বা দলের ভিন্নতা থাকলেও যশোরের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তাদের মধ্যে কোনো বিভেদ নেই। আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক ময়দানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে তারা একে অপরকে আশ্বস্ত করেন।
এ বিষয়ে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের মাঝে আদর্শগত মতপার্থক্য থাকতে পারে; কিন্তু সম্পর্কের জায়গা থেকে কোনো বিভেদ থাকা উচিত নয়। আমি সেই বিষয়টিই তার কাছে ব্যক্ত করেছি। আমার দল বিএনপি অতীতেও যশোরে রাজনৈতিক সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতি করেছে; আগামীতেও সেটা বজায় থাকবে বলে ফোনালাপে আমি আব্দুল কাদেরকে আশ্বস্ত করেছি।
অন্যদিকে, দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল কাদের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলেন, অমিত সাহেবের সাথে আমার কথা হয়েছে। আগামী দিনগুলোতে আমরা পারস্পরিক সহযোগিতা বজায় রাখবো এবং রাজনৈতিক সহাবস্থানের বিষয়ে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আমিও তাকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা এবং একসাথে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছি।
তিনি আরও যোগ করেন, রাজনৈতিক আদর্শগত মতপার্থক্য থাকলেও সম্পর্কের জায়গা অটুট রেখে একসাথে পথ চলার বিষয়ে আমিও তাকে বলেছি।