❒ যশোর-৩ আসনে নাশকতা ও কেন্দ্র দখলের আশঙ্কা
ধ্রুব রিপোর্ট
যশোর-৩ (সদর) সংসদীয় আসনে নির্বাচন পরিস্হিতি নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের সংবাদ সম্মেলন । ছবি: ধ্রুব নিউজ
যশোর-৩ (সদর) সংসদীয় আসনে নির্বাচন পরিস্হিতি নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের সংবাদ সম্মেলন করেছেন। আজ দুপুর ১টায় যশোর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ভিপি কাদের বলেন, ভোটের পরিবেশ অন্যান্য জায়গার চেয়ে মোটামুটি ভালো থাকলেও আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের একটি গোষ্ঠী নারী কর্মীদের হেনস্হা করেছে। প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া কারাগারে থাকা চিন্তিত সন্ত্রাসীদের জামিন করিয়ে আনা, নির্ধারিত পোলিং এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি প্রদান ও নিদ্দিষ্ট মার্কায় ছাড়া অন্য কোন প্রতীকে ভোটদানে বাধা সৃষ্টির অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন নির্বাচনী এলাকার বেশ কয়েকটি কেন্দ্রে আগের রাত থেকে নাশকতা পরিকল্পনা, বল প্রয়োগ করে কেন্দ্র দখল, অস্ত্র ও পেশি শক্তির মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করা সহ তার সমর্থক নিরীহ ভোটার ও নানাভাবে নারীভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদানের হুমকির অভিযোগ করেন।
যে সমস্ত এলাকায় ইতোমধ্যে নারীকর্মীদের হেনস্থার ঘটনা দৃশ্যমান ঘটেছে সেগুলো হলো পৌরসভার ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড এবং উপজেলার নওয়াপাড়া, হৈবতপুর, দেয়াড়া, রামনগর, আরবপুর ও ইসালি ইউনিয়ন।
এছাড়া পৌরসভার ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে এবং নওয়াপাড়া, হৈবতপুর, কাশিমপুর, ইসালি, লেবুতলা ও কচুয়া ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে নাশকতা পরিকল্পনা, বল প্রয়োগ করে কেন্দ্র দখল, অস্ত্র ও পেশি শক্তির মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করা সহ ফলাফল প্রতিপক্ষের পক্ষে বুঝে নেওয়ার ঝুঁকির আশঙ্কা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী ভিপি আব্দুল কাদের সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের সহজ, সরল ও সাবলিল উত্তর দেন। পরে প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামির জেলা দপ্তর সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নূর ই আলী নূর মামুন। ভারপ্রাপ্ত শহর আমির মাও. ইসমাইল হোসেনের উপস্থাপনায় সম্মেলনে বক্তৃতা করেন আবুল হাশিম রেজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি'র জেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ নুরুজ্জামান, খেলাফত মজলিসের জেলা আমির মোহাম্মাদ আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক রফিক শোয়াইব, এলডিপির সাধারণ সম্পাদক রিপন হোসেন ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং জামায়াতে ইসলামির অন্যান্য নেতৃবৃন্দ।