নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের যশোর সফর ও নির্বাচনী জনসভাকে সামনে রেখে সংবাদ সম্মেলন করছে জেলা জামায়াত। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের যশোর সফর ও নির্বাচনী জনসভাকে সামনে রেখে সংবাদ সম্মেলন করছে জেলা জামায়াত। আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে জনসভার প্রস্তুতি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের অবহিত করছেন নেতৃতবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে,, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় যশোর ঈদগাহ ময়দানে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। জনসভা সফল করতে যশোরের আটটি উপজেলায় ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, আমিরে জামায়াতের এই সফরকে ঘিরে যশোরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, এটি একটি ঐতিহাসিক জনসভায় পরিণত হবে এবং এর মধ্য দিয়ে যশোরের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উদ্দীপনা তৈরি হবে।
জানানো হয়েছে, এই জনসভায় যশোরের ৬টি সংসদীয় আসনে '১০-দলীয় জোট' সমর্থিত প্রার্থীরাও উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, গোলাম কুদ্দুস, জেলা দপ্তর সম্পাদক নুরে আলী নূর আল-মামুন ও জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস। এছাড়াও শহরের ভারপ্রাপ্ত আমির ইসমাইল হোসেন ও শহর সেক্রেটারি ইমরান হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।