ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: টিবিএস
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, বারবার গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বানে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তর বাড্ডা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সাধারণ মানুষের মৌলিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই জামায়াতে ইসলামী মাঠে নেমেছে।
তিনি উল্লেখ করেন, বাজারের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দিশেহারা। আয়ের সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের কোনো সঙ্গতি নেই। জ্বালানি ও বিদ্যুতের মূল্য ঘন ঘন বাড়ানো হলেও মানুষের আয় বাড়েনি। অবিলম্বে অসাধু সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জনগণের বাস্তব সমস্যা সমাধান না করে উন্নয়নের প্রচার চালিলে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
চলমান পোশাকশ্রমিক আন্দোলনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে যৌক্তিক হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, জীবনযাত্রার উচ্চ ব্যয়ের মুখে শ্রমিকরা তাদের বাঁচার দাবি জানালে তাদের ওপর দমন-পীড়ন চালোনো অনুচিত। শ্রমিক নিহতের ঘটনার সমালোচনা করে তিনি অবিলম্বে হয়রানি ও ছাঁটাই বন্ধ এবং বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানান।
একইসঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা কারখানায় অগ্নিসংযোগ করতে না পারে। কোনো তৃতীয় পক্ষ যেন এই সুযোগে পরিস্থিতি ঘোলাটে করে শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।