Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্লোগানে উত্তাল অর্থ মন্ত্রণালয়

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর,২০২৫, ০৭:৩০ পিএম
স্লোগানে উত্তাল অর্থ মন্ত্রণালয়

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অংশ নেওয়া মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ‘জিও জিও’ (গর্ভমেন্ট অর্ডার/দাবির পক্ষে আদেশ জারি) স্লোগানে অর্থ মন্ত্রণালয়কে উত্তাল করে তুলেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরের সামনে শত শত কর্মকর্তা-কর্মচারীরা এই স্লোগান দিতে থাকেন। তারা উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন।

কর্মচারীরা স্লোগান দেওয়ার পাশাপাশি ভবনের সব গেটে তাদের সদস্যদের মোতায়েন করে রেখেছেন। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই উপদেষ্টা এবং সচিব জিও বা সরকারি আদেশ ছাড়া বের হতে পারবেন না। কোনো অবস্থাতেই জিও ছাড়া বাড়ি ফেরা যাবে না।

এসময় তারা ‘জিও, জিও, জিও চাই—জিও ছাড়া উপায় নাই’, ‘জিও নিয়ে তালবাহা—আর হবে না, আর হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে দুপুর থেকে কর্মচারীরা দলবেঁধে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন। তারা সচিবালয়ের ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং জানিয়েছেন, সচিবালয় ভাতার গেজেট জারি ছাড়া তারা কোথাও যাবেন না।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টা দপ্তরকে অবরুদ্ধ করে রেখেছেন।
এদিকে উপদেষ্টা ও সচিবের নিরাপত্তা বিবেচনায় তাদের একান্ত সচিবের রুমে অবস্থান করছেন পুলিশের সদস্যরা। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন।

উপদেষ্টার নিরাপত্তায় একান্ত সচিবের রুমে অবস্থান করছেন পুলিশের ডিসি (ডিসি) জহিরুল ইসলাম। মন্ত্রণালয়ের নিচেও মোতায়েন করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, উপদেষ্টা তাদের বলেছিলেন সোমবার জিও করা হবে। কিন্তু তারা (বিক্ষোভকারীরা) সেটা মানছেন না। উপদেষ্টা মহোদয় এবং সচিব ভিতরেই রয়েছেন।

এর আগে সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারি করেছে সরকার। চলতি সপ্তাহেও তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বারবার এ আদেশ অমান্য করে সচিবালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ চলছেই।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)