Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চীনে দেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ১০:৪৯ এ এম
চীনে দেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’-এ চীনের শীর্ষস্থানীয় শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের ফোরামে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিল্প অংশীদারিত্বের এক নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বৈশ্বিক বাজারের পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদার সুবিধা নিতে এবং ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’-এ চীনের শীর্ষস্থানীয় শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের ফোরামে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন তিনি।

দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বেজিংয়ে বিনিয়োগ কার্যালয়
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার দীর্ঘ প্রক্রিয়ার অবসান ঘটিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে এই কার্যালয় স্থাপন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজ আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ ও স্পষ্ট। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে চাই, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে চাই এবং আগ্রহ থেকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই।”

তিনি জানান, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি আরও উন্নত ও আধুনিক করার কাজ চলছে, যাতে বিনিয়োগকারীরা শক্তিশালী আস্থা, সুস্পষ্ট আইনি সুরক্ষা এবং বিনিয়োগের একটি বিশ্বস্ত পরিকাঠামো পেতে পারেন। শীর্ষ বিনিয়োগ প্রচার সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-তে ইতিমধ্যেই চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত ‘সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক’ এবং বিভিন্ন খাতের সুযোগ-সুবিধা ও প্রক্রিয়া সহজতর করতে একটি ডেডিকেটেড ওয়েবসাইট চালু করা হয়েছে।

১৫ দিনে লাইসেন্স ও ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
বাংলাদেশে বিনিয়োগের আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “কথার সাথে কাঠামোগত পদক্ষেপের মিল থাকতে হবে। আমাদের অঙ্গীকার প্রদর্শনের জন্য, সরকার আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালীকে ঢেলে সাজানোর লক্ষ্যে একটি কঠোর ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মাধ্যমে আমরা সরাসরি আমলাতান্ত্রিক জড়তাকে মোকাবেলা করছি।”

তিনি আরও জানান, দেশে বিনিয়োগের বৃহত্তর অবকাঠামো উন্নত করার পাশাপাশি একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর ফলে যেকোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান ১৫ দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে। এছাড়া সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পের মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য বিশেষ প্রণোদনা ও নীতিগত সুবিধা রাখা হয়েছে।

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত’
বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিগত বছরগুলোতে চীন-বাংলাদেশ সম্পর্ক কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী।”

চীন বৈশ্বিক ভ্যালু চেইনে উন্নত উৎপাদন, উচ্চ-মূল্যের অবকাঠামো এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতে নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চীন যখন সাফল্যের সিঁড়িতে উপরের দিকে উঠছে, তখন তাদের উৎপাদন ব্যবস্থার বিভিন্ন অংশ নতুন ও বিশ্বস্ত স্থানের সন্ধান করবে। বাংলাদেশ হতে পারে সেই সেরা বিকল্প। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বৈষম্যহীন আচরণ, মূলধন ও লভ্যাংশ ফেরত নেওয়ার পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের মতো বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্রগুলো লজিস্টিকস ও বন্দর সংযোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করছে।

লি চিয়াং ও শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক
মালয়েশিয়ায় প্রথম বিদেশ সফর শেষে সোমবার বিকালে চীনের তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর বুধবার বিকালে বেজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বিকালে বেজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফরের শেষ দিন শুক্রবার গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উক্ত ‘ইনভেস্ট বাংলাদেশ’ ফোরামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)