ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়েছে। উপজেলায় হ্নীলা সীমান্তবর্তী নাফ নদীতে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুই রোহিঙ্গা জেলেকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় দুই রোহিঙ্গা জেলে একটি ডিঙ্গি নৌকায় অবস্থান করছিলেন। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকায় থাকা সশস্ত্র গ্রুপ তাদের ধাওয়া করে। পরিস্থিতি বুঝতে পেরে জেলেরা হ্নীলা ১ নম্বর স্লুইস গেটের অভ্যন্তরে আশ্রয় নেয়ার চেষ্টা করে। অবশ্য সশস্ত্র গ্রুপের সদস্যরা তাদের ব্যবহৃত ডিঙ্গি নৌকাটি টেনে নিয়ে যায়। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম শনিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জহিরুল ইসলাম জানান, টেকনাফের হ্নীলা বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে এবং শূন্য লাইন থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে স্লুইস গেট সংলগ্ন নাফ নদী এলাকায় একটি সশস্ত্র গ্রুপ মাছ ধরারত দুই রোহিঙ্গা জেলেকে লক্ষ্য করে আনুমানিক তিন রাউন্ড গুলি ছোঁড়ে। পরে তারা জেলেদের ব্যবহৃত নৌকাটি ছিনতাই করে মিয়ানমারের অভ্যন্তরে খরের দ্বীপের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে হ্নীলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় সশস্ত্র গ্রুপটি ডুবারচর এলাকা অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে আনুমানিক ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোঁড়ে।
এ ঘটনার পর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেন (২৫) ও নুরুল আমিন (২৩) নামে দুই রোহিঙ্গা জেলেকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
ধ্রুব/টিএম