❒ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত
ধ্রুব ডেস্ক
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশের সকল জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহে এক বা একাধিক জামাতে ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেন। এছাড়া দেশের গ্রামাঞ্চলেও সকাল সাড়ে ৭টা থেকে ৮টা বা সাড়ে ৮টার মধ্যে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহে এই জামাত অনুষ্ঠিত হয়।
এই ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
জামাত শেষে তিনি খুতবা পাঠ করেন। এরপর তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।দোয়া শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের ঢল নামে।
প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন কারী ইসহাক।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
ধ্রুব/এস.আই