ধ্রুব ডেস্ক
সিলেট পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সিলেট পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। মাজার জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন।
পরে সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুইপাশে ছিল মানুষের ঢল।
এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা দিয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ সফরসঙ্গীরা।
দলীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা ১১টায় অংশ নেবেন সিলেটের সুরমান নদী সংলগ্ন চাঁদনী ঘাটে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে। এরপর দুপুর ১২টায় সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচিতে উদ্বোধন করবেন। বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।