ধ্রুব ডেস্ক
আহমেদ আযম খান ও মীর মোহাম্মদ হেলাল ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন আহমেদ আযম খান। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চের প্রজ্ঞাপনমূলে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব/দপ্তর বণ্টন করা হয়। প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস ১৯৯৬-এর রুল তিন(চার) অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
এর আগে, আজ দুপুরে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। আহমেদ আযম খান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বিএনপি সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন কায়সার কামাল। তিনি এতদিন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ায় হাফিজ উদ্দিন ও কায়সার কামাল আর মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে থাকতে পারবেন না। সেই প্রেক্ষাপটেই আহমেদ আযম খান ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে গত ১৭ এপ্রিল সরকার প্রধানের দায়িত্ব পালনের শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় এবং নতুন একজন মন্ত্রী শপথ নেওয়ায় সরকারের আকার দাঁড়িয়েছে ৪৯ জনে।