ধ্রুব ডেস্ক
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনের শুরুতে সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য শুধুমাত্র একটি মনোনয়নপত্র জমা পড়েছে। সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ এই দায়িত্ব পালনে তার সম্মতির কথা জানালে সংসদ সদস্য নুরুল ইসলাম তার নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। এরপর কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয় এবং ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে তিনি স্পিকার নির্বাচিত হন।
ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্বপালনে সম্মত বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।
প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে হাঁ জয়যুক্ত হয়।
এর আগে বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতির আসনে বসে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সকল সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "নতুন রাজনৈতিক বাস্তবতায় এই ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।"
সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হলে তাকে পূর্ণ সমর্থন জানান সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।