ধ্রুব ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সরকারি দলের সংসদীয় সভায় সিদ্ধান্ত হতে পারে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে। এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।’
এর আগে বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়। সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, আজ বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সব ঠিক হবে।
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ দুটি পদে ক্ষমতাসীন দল থেকেই সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদটি নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।
বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।
সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন।
সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।
আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এই অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।
গত ১৭ ফেব্রুয়ারি এমপিদের শপথ গ্রহণের দিন বিরোধী দলের সভায় বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপ চূড়ান্ত করা হয়। একই দিন সংসদ নেতা নির্বাচিত হলেও উপনেতা এখনো নির্বাচিত হননি।
বিএনপি’র অপর একটি সূত্রে জানা গেছে, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
সরকারি দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনের নাম চাওয়া হলেও সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী।
সে ক্ষেত্রে করণীয় নিয়েও সভাটিতে আলোচনা হতে পারে। জামায়াত নাম না দিলে সরকারি দল থেকেই সংসদের গুরুত্বপূর্ণ ওই পদে প্রার্থী দেওয়া হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেন, ‘গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল পাওয়ার কথা।’
এখন বিএনপি যেটা (জামায়াতকে দেওয়া প্রস্তাব) বলছে, সেটা কোনটা? এটা তাদের স্পষ্ট করা লাগবে। তারা তো লিখিত কোনো প্রস্তাব দেয়নি। মৌখিকভাবে বলেছে, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে চায়।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেছেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি বলেন, ‘অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।’
এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক করে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে, তা নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ধ্রুব/এস.আই