❒ ছাত্রাবস্থায় মুহাম্মাদপুর জেনেভা ক্যাম্পের সামনে
ধ্রুব ডেস্ক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর একটি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। নিজের শিক্ষাজীবনের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পের সামনে তিনি নিজেও ছিনতাইকারীর কবলে পড়েছিলেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ারকে সঙ্গে নিয়ে আইজিপি আলী হোসেন ফকির মোহাম্মদপুর এলাকায় যান এবং জেনেভা ক্যাম্প সংলগ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকে শিক্ষাজীবনে নিজে ছিনতাইকারীর কবলে পড়ার বিষয়টি তুলে ধরেন।
তিনি আরও বলেন, মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। ছিনতাইকারী ও কিশোর গ্যাংদের অপরাধ কর্মকাণ্ডে জনতা খুবই ভয়ে ও আতঙ্কে থাকে। এ কারণেই তিনি নিজেই রাস্তায় নেমে এসেছেন।
তিনি বলেন, আপনারা দেখেছেন, সন্ধ্যায় এলাকায় ব্লক রেইড দিয়ে ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীসহ অন্যান্য অপরাধীদের আইনের আওতায় নেওয়া হয়েছে। ওই এলাকায় বিভিন্ন নিম্ন আয়ের লোকজন বেশি বসবাস করে। তারা বিভিন্ন ব্যবসার নামে, যেমন ভাঙারি ব্যবসায়ী পরিচয়ে, পরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। সব অপরাধীকেই আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
নিজের হাতে আইন তুলে না নেওয়ার জন্য সবার কাছে অনুরোধ জানান তিনি এবং মব কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক ব্যক্তিদের বিশেষ সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য দিয়ে প্রায় ১৮ কোটি মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনসহ থানার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।