Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নির্বাচন-পরবর্তী সহিংসতা সুষ্ঠু নির্বাচনের আনন্দ ও সাফল্যকে ম্লান করছে: ভয়েস নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:১০ পিএম
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি,২০২৬, ১০:৩৪ পিএম
নির্বাচন-পরবর্তী সহিংসতা সুষ্ঠু নির্বাচনের আনন্দ ও সাফল্যকে ম্লান করছে: ভয়েস নেটওয়ার্ক

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শতভাগ পারফেক্ট না হলেও সামগ্রিকভাবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল (মুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য) হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও নাগরিক সংগঠনের জোট ‘ভয়েস নেটওয়ার্ক’। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ভয়েস নেটওয়ার্কের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসিমউদ্দীন বলেন, “কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হতে পারে না। তবে বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে না পারার যে আক্ষেপ ছিল, তা ঘুচিয়ে এবার জনগণ সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এজন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।” তিনি আরও জানান, ভবিষ্যতে আরও উন্নত নির্বাচনের লক্ষ্যে কমিশনের কাছে তাদের পর্যবেক্ষণের সুপারিশগুলো দ্রুতই হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ভয়েস নেটওয়ার্কের নির্বাহী কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর সিইও এনায়েত হোসেন জাকারিয়া। প্রতিবেদনে জানানো হয়, ১০৬৯ জন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যবেক্ষক ১১০টি আসনের ৩৫৪১টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে ১০০৮টি কেন্দ্রে ভোট গণনা পর্যন্ত তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বেশ কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক ত্রুটির চিত্রও উঠে এসেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, ১১ শতাংশ কেন্দ্র ভবনের উপরের তলায় হওয়ায় প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের যাতায়াতে সমস্যা হয়েছে এবং ২০ শতাংশ কেন্দ্রে গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল না। এছাড়া ৭ শতাংশ কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং আইডি কার্ড প্রাপ্তিতে বিলম্বের অভিযোগ পাওয়া গেছে।

নিরাপত্তা ও নিরপেক্ষতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১১ শতাংশ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল না এবং ১৫.৫ শতাংশ ক্ষেত্রে বাহিনীর সদস্যদের পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা গেছে। ঢাকা-৮ আসনে এক পক্ষের এজেন্টদের বের করে দেওয়া এবং কুমিল্লা-১০ আসনে পোলিং এজেন্টকে মারধরের তথ্য পাওয়া গেছে। এছাড়া ভোলা, গাজীপুর, চট্টগ্রাম ও লক্ষ্মীপুরসহ বেশ কিছু আসনে একই ধরনের ঘটনার তথ্য পাওয়া গেছে। এমনকি শেরপুর-১ আসনে শতাধিক সিলমারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভয়েস নেটওয়ার্কের তথ্যমতে, ৪ শতাংশ কেন্দ্রে জালভোটের ঘটনা ঘটেছে এবং ৮ শতাংশ ক্ষেত্রে পরিচয় যাচাই ছাড়াই ভোট গ্রহণ করা হয়েছে। ফলে ৫.৮ শতাংশ ভোটার ভয়ভীতি ও হুমকির মুখে ভোট না দিয়েই ফিরে গেছেন। প্রতিবেদনে সবশেষে জোর দিয়ে বলা হয়েছে যে, নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সহিংসতা একটি ভালো নির্বাচনের সামগ্রিক সাফল্যকে ম্লান করে দেয়, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভয়েস নেটওয়ার্কের সদস্য সচিব একরামুল হক সায়েম, রিসার্চ কো-অর্ডিনেটর বুরহান উদ্দিন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সিইও ইজাজুল ইসলাম এবং বাকেরগঞ্জ ফোরামের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহ আলম হাওলাদার।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)