❒ চানখাঁরপুল মামলা
ধ্রুব ডেস্ক
ছবি: প্রতীকী
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমান হাবিবসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল-১ আজ সোমবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অপর দুজন হলেন- ডিএমপির সাবেক যুগ্ন কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মো. ইমরুলকে ছয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই মামলায় শাহবাগ থানার সাবেক ইন্সপেক্টর আরশাদ হোসেনকে চার বছর, তিন কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিতদের মধ্যে পলাতক রয়েছেন হাবিবুর, সুদীপ, আখতারুল ও ইমরুল। গ্রেপ্তার আছেন আরশাদ, সুজন, ইমাজ ও নাসিরুল।
২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের ওপর গুলির ঘটনা ঘটে। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই মামলায় গত বছরের ১৪ জুলাই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি দ্বিতীয় মামলার রায়। এর আগে গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল প্রথম রায় ঘোষণা করেন। সেই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড হয়।