Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: দুই ঈদে মোট ১১ দিন ছুটি

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৪:২৪ পিএম
২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: দুই ঈদে মোট ১১ দিন ছুটি

আসছে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। নতুন এই তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তবে এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবার হওয়ায় প্রকৃত ছুটির পরিমাণ দাঁড়াবে ২২ দিনে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের ছুটির এই তালিকা চূড়ান্ত অনুমোদন লাভ করে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থায় এই ছুটির তালিকা কার্যকর থাকবে। তবে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আইন ও বিধিমালা রয়েছে অথবা যেসব সেবাকে জরুরি বা অত্যাবশ্যক ঘোষণা করা হয়েছে, তারা জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব আইনানুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৫ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। চলতি বছরের ধারাবাহিকতায় আগামী বছরও প্রধান ধর্মীয় উৎসবগুলোতে দীর্ঘ ছুটির সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরে মোট ৫ দিন এবং পবিত্র ঈদুল আজহায় ৬ দিন ছুটি থাকবে। এছাড়া শারদীয় দুর্গাপূজায় এবারও ২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের সাধারণ ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জামাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

অন্যদিকে নির্বাহী আদেশের ছুটির দিনগুলো হলো ২৪ জানুয়ারি শবে বরাত, ৭ মার্চ শবে কদর, ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ ৮, ৯, ১১ ও ১২ মার্চ মোট চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ১৫ ও ১৬ মে দুই দিন এবং পরে ১৮, ১৯ ও ২০ মে তিন দিনসহ মোট পাঁচ দিন, ১৬ জুন আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার মহানবমী।

এছাড়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে, একজন চাকুরিজীবী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বমোট সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এজন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে এবং সাধারণ ছুটি, নির্বাহী আদেশ ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও এই ঐচ্ছিক ছুটি উপভোগ করার সুযোগ রাখা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)