ধ্রুব নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বিজি-৩৭৭ ছবি: সংগৃহীত
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ ঘণ্টা বিলম্বের মুখোমুখি হয়েছে। কারিগরি দল ত্রুটি সারিয়ে তোলার পর অবশেষে ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে।
বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) ফ্লাইট বিজি-৩৭৭ ঢাকার উদ্দেশে নারিতা ত্যাগ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটটির রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রওনা হওয়ার কথা ছিল। উড্ডয়নের প্রস্তুতি হিসেবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে উড়োজাহাজটি যাত্রা শুরু করলেও মাত্র পাঁচ মিনিটের মাথায় ক্যাপ্টেন ইমামুল কারিগরি ত্রুটির কথা ঘোষণা করেন। বিমানটি প্রাথমিক অবস্থানস্থলে ফিরিয়ে নেওয়া হয় এবং যাত্রীদের বিমানবন্দরে লবিতে নিয়ে অপেক্ষা করানো হয়। অবস্থানকালীন সময়ে যাত্রীদের জন্য বিমানের পক্ষ থেকে নৈশভোজের ব্যবস্থা করা হয়।
বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত যান্ত্রিক ত্রুটির বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। বিমান বাংলাদেশের প্রকৌশলী দল ও স্থানীয় জাপানি টেকনিশিয়ান যৌথভাবে কাজ করে সাড়ে চার ঘণ্টার মধ্যে ত্রুটি মেরামত সম্পন্ন করে। তবে কারিগরি সমস্যার সঠিক প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ফ্লাইট বিলম্বের জন্য যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং নিশ্চিত করেন যে বিমানটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও নিরাপদ ঘোষণার পরই প্রধানমন্ত্রীসহ অন্যান্য যাত্রীরা পুনরায় বিমানে প্রবেশ করেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারসহ জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সেদেশের শীর্ষ ব্যবসায়ী ও প্রাতিষ্ঠানিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।