ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: টিবিএস
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে কারিগরি ত্রুটির মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। এর ফলে নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করতে পারেনি ফ্লাইটটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জাপানে চার দিনের সফল রাষ্ট্রীয় সফর শেষ করে ঢাকার উদ্দেশে টোকিও ছাড়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সিডিউল অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে রানওয়েতে পৌঁছানোর পরই উড্ডয়নের প্রাক্কালে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে পাইলট ফ্লাইটটি রানওয়েতেই থামিয়ে দেন এবং প্রায় ১৫ মিনিট পর যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা দেন যে, কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি এই মুহূর্তে উড্ডয়ন করতে পারছে না।
পাইলট ইমামুল যাত্রীদের আশ্বস্ত করে জানান, ইতোমধ্যে দুজন প্রকৌশলী উড়োজাহাজের ত্রুটি সারানোর কাজ শুরু করেছেন। সমস্যার সমাধান হওয়া মাত্রই ফ্লাইটটি পুনরায় ঢাকার পথ ধরবে। ত্রুটি মেরামতের সুবিধার্থে পরবর্তীতে উড়োজাহাজটি ফিরিয়ে পুনরায় টারমাকে নিয়ে যাওয়া হয়।
এই ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও রয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। বর্তমান পরিস্থিতি সাপেক্ষে ত্রুটি দ্রুত সমাধান করে ফ্লাইটটি নিরাপদভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে আশা করা হচ্ছে।