মণিরামপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে যশোরের মণিরামপুরে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা ঘটেছে। মণিরামপুর সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামে ধানের শীষ প্রতীকের নির্বাচনী ব্যানার ঝুলানোর সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আহত আল-আমিন হোসেনকে দ্রুত উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবীব লিটন সাংবাদিকদের জানান, এটি কোনো রাজনৈতিক হামলা নয়। স্থানীয় এক ব্যক্তির সাথে আল-আমিনের ব্যক্তিগত কথাকাটাকাটির জের ধরে দুজনের মধ্যে হাতাহাতি হয়েছে। আমাদের দলের নাম ব্যবহার করে অহেতুক বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রজিউল্লাহ জানান, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।