❒ দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার
তহীদ মনি
ছবি: এ আই প্রণীত
প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার বিষয়টি অনেকেরই অজানা থাকলেও যশোরে গত এক বছরে ৫১টি পরিবার এই আর্থিক সহযোগিতা লাভ করেছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী, গত এক বছরে অগ্নিকাণ্ডে একজন নিহতের পরিবারসহ ক্ষতিগ্রস্ত ৫১ জন ব্যক্তিকে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই তালিকার মধ্যে ৫ জন নারী ও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বাকিরা সবাই পুরুষ। মূলত জুলাই ২০২৫ হতে এপ্রিল ২০২৬ এরমধ্যে এই সহায়তা প্রদান করা হয়।
সাধারণত অগ্নিকাণ্ড, বজ্রপাত, বন্যা, ঘূর্ণিঝড় বা নৌকাডুবির মতো প্রাকৃতিক ও আকস্মিক দুর্ঘটনায় আহত বা নিহতের পরিবার এই সরকারি তহবিলের আওতাভুক্ত থাকে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাচ্ছেন। নিহতের পরিবারকে দাফন-কাফন ও আনুষঙ্গিক খরচের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেওয়া হয়। অন্যদিকে, আহত বা ব্যবসায়িক ও সম্পদের ক্ষতির ক্ষেত্রে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা এবং ব্যক্তির ক্ষতি না হয়ে শুধু সম্পদের ক্ষতি হলে সর্বোচ্চ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় সরকার।
সহায়তা প্রাপ্তির বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা কেউ নিহত হলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বা সরাসরি জেলা অফিসে যোগাযোগ করলে সরকার এই পুনর্বাসন সহায়তা প্রদান করে। আবেদন পাওয়ার পর দ্রুত তদন্ত সম্পন্ন করে এই অর্থ ছাড় করা হয়। তিনি আরও জানান, শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যশোরে আহত একজন এবং নিহত দুইজনের পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে সড়ক দুর্ঘটনায় আহত ৯ জন এবং বজ্রপাতে নিহত ৩ জনের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাত বা বৈদ্যুতিক শকে নিহত হলে ২০ হাজার টাকা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্ঘটনায় নিহতের পরিবার ২৫ হাজার টাকা হারে সরকারি সহায়তা পাচ্ছেন।