ধ্রুব স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাজিলের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য শিরোপা জয়ের দাবিদার চারটি দলের নাম প্রকাশ করেছেন। তার মতে, বর্তমান সময়ের শক্তি, স্কোয়াড গভীরতা ও ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায় ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা এগিয়ে থাকবে।
সম্প্রতি ব্রাজিল কিংবদন্তি রোমারিওর এক পডকাস্টে মার্সেলো বলেন, ‘নির্দিষ্ট কোনো ক্রমে না বললেও আমি বলব, ব্রাজিল, স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা। এই চারটি দলই বিশ্বকাপ জয়ের বড় দাবিদার।
ব্রাজিল বরাবরই বিশ্বকাপের অন্যতম সফল দল। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বর্তমান স্কোয়াড তাদের আবারও শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছে।
অন্যদিকে স্পেন সাম্প্রতিক বছরগুলোতে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে নিজেদের পুনর্গঠন করেছে। টেকনিক্যাল ফুটবল ও বল দখলের খেলায় তারা এখনো বিশ্বসেরা দলগুলোর একটি।
সবশেষ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সও মার্সেলোর তালিকায় রয়েছে। দারুণ স্কোয়াড গভীরতা ও তারকাসমৃদ্ধ দল হিসেবে ফ্রান্স যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম।
আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তো বাদ দেওয়ার সুযোগই নেই। লিওনেল মেসির নেতৃত্বে দলটি ইতোমধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
মার্সেলোর মতে, এই চার দলের মধ্যে থেকেই আসতে পারে আগামী বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তবে ফুটবলে অঘটন সবসময়ই সম্ভব, তাই শেষ পর্যন্ত কে জিতবে, তা নির্ধারণ হবে মাঠের লড়াইয়েই।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, যা শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।
ধ্রুব/এস.আই