ধ্রুব ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত। ছবি: প্রতীকী
মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ‘অপরিহার্য নয়’ এমন সব সরকারি কর্মকর্তাকে অবিলম্বে দেশ দুটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এ নির্দেশনা জারি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, শুধুমাত্র জরুরি ও অপরিহার্য দায়িত্ব পালনকারী অস্ট্রেলীয় কর্মকর্তারাই আপাতত এসব দেশে অবস্থান করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে সেখানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
অস্ট্রেলীয় সরকার একই সঙ্গে তাদের নাগরিকদের জন্য জারি করা ভ্রমণ সতর্কতাও পুনর্ব্যক্ত করেছে। সরকার নাগরিকদের ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
পেনি ওয়াং বলেন,‘যদি সম্ভব হয় এবং পরিস্থিতি নিরাপদ থাকে, তবে আমরা আপনাদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার অনুরোধ জানাচ্ছি। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিন। কারণ, এটি দীর্ঘ সময়ের জন্য শেষ সুযোগও হতে পারে।’
ক্যানবেরা জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০ জন নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। সূত্র: টাইমস অফ ইসরায়েল।
ধ্রুব/এস.আই