ধ্রুব ডেস্ক
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
নির্বাচনের আগে মাঠের সঙ্গে সঙ্গে অনলাইনেও জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কোনো দেশের মানুষ ইন্টারনেটে কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি খোঁজ করছেন তা নির্ধারণে ব্যবহৃত হয় গুগল ট্রেন্ডস। এখানে কোনো শব্দ বা বিষয় যত বেশি সার্চ করা হয়, সেটি তত উপরের দিকে অবস্থান করে।
এই সূচকে গত ২২ জানুয়ারি প্রচারণা শুরুর পর থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের প্রধান রাজনৈতিক দলগুলো মধ্যে দেশের কোন বিভাগে কোন দল এগিয়ে তা বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যম ।
গুগল ট্রেন্ডসের বিশ্লেষণে দেখা গেছে, সবগুলো বিভাগেই অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় সার্চে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ঢাকা: গুগল ট্রেন্ডসে ঢাকা বিভাগের আওতাভুক্ত আগের জেলাগুলো ধরে সাত বিভাগের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেই হিসাবে ঢাকা বিভাগে (ঢাকা–ময়মনসিংহ) গুগল সার্চে বিএনপি ৫০ শতাংশ, জামায়াতে ইসলামী ৪০ শতাংশ, এনসিপি ৮ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ শতাংশ।
চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগে গুগল সার্চের হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে রয়েছে ৫০ শতাংশ নিয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪২ শতাংশ। এ ছাড়া এনসিপি ৬ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ শতাংশ।
বরিশাল: এই বিভাগে গুগল সার্চের হিসাবে বিএনপি এগিয়ে রয়েছে ৫১ শতাংশ নিয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী ৪০ শতাংশ। এ ছাড়া এনসিপি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ।
রাজশাহী: রাজশাহী বিভাগে ৫০ শতাংশ মানুষ গুগলে বিএনপিকে খুঁজেছে। জামায়াতে ইসলামীকে ৪০ শতাংশ। এ ছাড়া এনসিপিকে ৬ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ শতাংশ।
খুলনা: এ বিভাগেও ৫০ শতাংশ ব্যবহারকারী বিএনপিকে সার্চ করেছে। জামায়াতকে ৪৩ শতাংশ। এনসিপি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন ২ শতাংশ।
রংপুর: এই বিভাগটিতে গুগল সার্চে বিএনপি অন্যান্য বিভাগের তুলনায় পিছিয়ে। রংপুর বিভাগে ৪৭ শতাংশ ব্যবহারকারী বিএনপি লিখে সার্চ করেছে। জামায়াত ৪৩ শতাংশ, এনসিপি ৮ এবং ইসলামী আন্দোলন ২ শতাংশ।
সিলেট: সিলেট বিভাগে বিএনপির অন্যান্য বিভাগের তুলনায় এগিয়ে। এ বিভাগে ৫২ শতাংশ গুগল সার্চে রয়েছে দলটি। জামায়াত ৪০ শতাংশ, এনসিপি ৭ এবং ইসলামী আন্দোলন ১ শতাংশ।
এছাড়া নির্বাচনী প্রচারণা শুরুর পরবর্তী এক সপ্তাহের তুলনায় গত সাত দিনে গুগল ট্রেন্ডসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির ইন্টারেস্ট রেট কমেছে। ইসলামী আন্দোলনের ইন্টারেস্ট রেট ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশে দাঁড়িয়েছে। এনসিপির ইন্টারেস্ট রেটও ১৪ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে নেমেছে।
অন্যদিকে বিএনপি ও জামায়াতের ইন্টারেস্ট রেট বেড়েছে। জামায়াতের ইন্টারেস্ট রেট ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬৮ শতাংশে পৌঁছেছে। আর বিএনপির ইন্টারেস্ট রেট ৮৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৮৭ শতাংশে দাঁড়িয়েছে।
গত সাত দিনে গুগল সার্চে এ চার দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামি আন্দোলন, islami andolan, islami andolon, islami andolan bangladesh, islami andolon bangladesh, ইসলামি আন্দোলন বাংলাদেশ, হাতপাখাসহ বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে দলটি সম্পর্কে সার্চ করা হয়েছে। এই সময়ে গুগল ট্রেন্ডসে দলটির প্রতি গড় আগ্রহ (অ্যাভারেজ ইন্টারেস্ট) ছিল ৪ শতাংশ।
তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ncp, এনসিপি, bnp, ncp bangladesh, এন সি পি, ncp party, ncp full form-সহ বিভিন্ন কিওয়ার্ডে দলটি সম্পর্কে খোঁজ করা হয়েছে। গুগল ট্রেন্ডসে দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ১৩ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গুগলে জামাত, জামায়াতের, জামায়াত, jamaat, জামায়াতে ইসলামী, jamaat islami, jamaat e islami,-এ ধরনের কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে সার্চ করেছেন ব্যবহারকারীরা। এই সময়ে গুগল ট্রেন্ডসে জামায়াতে ইসলামীর অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৬৮ শতাংশ।
সবচেয়ে বেশি সার্চ হওয়া রাজনৈতিক দল হিসেবে গুগল ট্রেন্ডসে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপি, bnp, বিএনপির, বি এন পি, bnp bangladesh, নির্বাচন, বিএনপি জোটসহ নানা কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে গুগলে অনুসন্ধান করা হয়েছে। আলোচ্য সময়ে গুগল সার্চে বিএনপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৮৭ শতাংশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ফলোয়ার সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে বিএনপি। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৪ দশমিক ৭৩ মিলিয়ন ফলোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৩ মিলিয়ন।
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ফেসবুক পেজে রয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ফলোয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল পেজে রয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার। এছাড়া গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৯৯ হাজার ৮০০।