নিজস্ব প্রতিবেদক
আজ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্মৃতি রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক মো. আহাদ হোসাইন ও সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই স্মৃতিস্তম্ভ কেবল একটি স্থাপনা নয়, এটি গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, সাহস ও শহীদদের স্মৃতির প্রতীক। এ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনমনে নিরাপত্তাবোধের ওপর আঘাত।
এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশি পাহারা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে যশোর জেলার সকল জুলাইযোদ্ধা, আন্দোলনকারী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা বা হুমকির ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত স্মৃতিস্তম্ভ দ্রুত সংস্কার করে এর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানায় সংগঠনটি।
এদিকে পৃথক এক আহ্বানে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক রেষারেষি ও দলীয় মতপার্থক্য পাশে সরিয়ে রেখে গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং ফ্যাসিবাদী শক্তির পুনরাবির্ভাব ও অপকর্ম প্রতিহত করতে হবে। জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ ও জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো একক সংগঠনের দায়িত্ব নয়, বরং সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির নৈতিক দায়িত্ব।
জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।