ধ্রুব রিপোর্ট
কেশবপুর, যশোর: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা রাজমিস্ত্রী শহিদুল ইসলাম মোড়ল (৪৫) মারা গেছেন। রোববার (১৮ জানুয়ারি) ভোরে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলাম কেশবপুর পৌর এলাকার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কেশবপুর-চুকনগর সড়কের আলতাপোল এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। গত কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।