নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ৪২ হাজার ৩২৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্টের টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৬টি ভারতীয় শাড়ি, ৮টি থ্রিপিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, "সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ ও পাচার বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।"