নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক ছবি: সংগৃহীত
যশোর : যশোর-৫ (মণিরামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তাঁকে দ্রুত যশোর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য গাজী এনামুল হক গত কিছু দিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসভবনেই চিকিৎসাধীন ও বিশ্রামে ছিলেন। তবে সোমবার গভীর রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জনপ্রিয় এই জনপ্রতিনিধির হঠাৎ হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ এলাকাবাসী আশু আরোগ্য কামনা করছেন। পরিবারের পক্ষ থেকেও অ্যাডভোকেট গাজী এনামুল হকের পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।