নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মাঝে ‘শিক্ষা ট্রাস্ট বৃত্তি ২০২৬’ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শুধুমাত্র বিসিএস ক্যাডার বা বড় চাকরি পেয়ে পরিবার ও নিজের উন্নতির কথা ভাবলে সমাজের প্রতি আমাদের দায় পরিশোধ হবে না। শ্রমিক-কৃষকের ঘাম ও মেহনতের টাকায় রাষ্ট্র চলে, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা চলে। তাই সাধারণ ঘরের সন্তান হিসেবে সমাজের প্রতি আমাদের বড় দায়বদ্ধতা রয়েছে।"
তিনি আরও বলেন, "রাষ্ট্র যেমন শিক্ষা বিস্তারে বৃত্তি দিচ্ছে ও অবকাঠামো গড়ে তুলে দায়িত্ব পালন করছে, তেমনি শিক্ষার্থীদেরও রাষ্ট্রের ঋণ পরিশোধের মানসিকতা রাখতে হবে। অনেক বড় কিছু না করে ছোট ছোট কাজের মাধ্যমে যদি সমাজ ও জীবনের পরিবর্তন আনা যায়, তবেই প্রকৃত শিক্ষা সার্থক হবে।" অদম্য সাহস ও দৃঢ় লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজকল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার উদাহরণ টেনে সম্মিলিত প্রচেষ্টায় সমাজ গড়ার গুরুত্ব তুলে ধরেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খান মাসুম বিল্লাহ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যশোর শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে নির্বাচিত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।