ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এলাকার সাধারণ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় পানিসারা গ্রামে মীর খলিলুর রহমান ট্রাস্টের নিজস্ব জায়গায় আয়োজিত অনুষ্ঠানে দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে দাতব্য চিকিৎসালয়ের মূল উদ্যোক্তা, মরহুম মীর খলিলুর রহমানের ছেলে ও আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবু বলেন, প্রাথমিকভাবে দাতব্য চিকিৎসালয় হিসেবে এর কার্যক্রম শুরু হলেও আমাদের লক্ষ্য ধীরে ধীরে এটিকে বিশ্বমানের আধুনিক পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়া।
তিনি বলেন, ভবিষ্যতে এখানে আধুনিক বার্ন ইউনিট, ক্যানসার ইউনিট ও বিশেষায়িত কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বয়োবৃদ্ধদের অবহেলা ও দুর্দশামুক্ত জীবন নিশ্চিত করতে ট্রাস্টের অধীনে একটি আধুনিক বৃদ্ধাশ্রম গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের দোয়া এবং সার্বিক সহযোগিতা প্রয়োজন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মেদ, মীর রফিকুল ইসলাম, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমিতির সভাপতি আব্দুর রহিম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, প্রচার সম্পাদক মাসুদ হোসেন, কুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান লালটু, কবীর হোসেন, সায়েদ আলী, আখতারুজ্জামান মিন্টু, মাহাবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্যোক্তারা জানান, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।