Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বন্দরে ৭৯ পদ শূন্য, নেই পরিচালক—জনবল সংকট

বেনাপোল(যশোর) বেনাপোল(যশোর)
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ১০:১১ পিএম
বেনাপোল বন্দরে ৭৯ পদ শূন্য, নেই পরিচালক—জনবল সংকট

বেনাপোল বন্দরে ৭৯ পদ শূন্য, নেই পরিচালক—জনবল সংকট ছবি: বেনাপোল বন্দরে ৭৯ পদ শূন্য, নেই পরিচালক—জনবল সংকট

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট চলছে। বন্দরের গুরুত্বপূর্ণ পরিচালক পদটি শূন্য থাকার পাশাপাশি অনুমোদিত ২১৬টি পদের মধ্যে ৭৯টিই খালি। প্রয়োজনের তুলনায় কম জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করায় প্রশাসনিক কাজ, পণ্য ওঠানো-নামানো ও খালাসে ধীরগতি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালকের পদটি শূন্য রয়েছে। এখনো নতুন পরিচালক যোগদান না করায় বন্দরের শীর্ষ পর্যায়ে নেতৃত্বের ঘাটতি তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেও এর প্রভাব পড়ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

জনবল সংকটের চিত্র সবচেয়ে প্রকট উপপরিচালক (ডিডি) পদে। বন্দরে এ পদে অনুমোদিত চারটি পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন কর্মকর্তা। ফলে একজন কর্মকর্তাকেই একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গুদাম ও ইয়ার্ড ব্যবস্থাপনা, পণ্য ওঠানো-নামানো, প্রশাসনিক তদারকিসহ বিভিন্ন কাজে মোট ২১৬টি পদ অনুমোদিত। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১৪১ জন। অর্থাৎ ৭৯টি পদ শূন্য রয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রয়োজনীয় জনবল না থাকায় আমদানি করা পণ্য সময়মতো লোড-আনলোড করা যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে এক দিনের কাজ শেষ করতে দুই দিনও লেগে যাচ্ছে। এতে আমদানিকারকদের অতিরিক্ত ভাড়া ও শ্রমিক খরচ গুনতে হচ্ছে। পাশাপাশি বন্দরের সার্বিক সক্ষমতাও কমে যাচ্ছে।

বেনাপোল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “বন্দরে পর্যাপ্ত জনবল না থাকায় পণ্য খালাসে অস্বাভাবিক ধীরগতি তৈরি হয়েছে। দ্রুত জনবল নিয়োগ না দিলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়বে।”

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু শূন্য পদে নিয়োগ দিলেই সংকটের পুরোপুরি সমাধান হবে না। বন্দরের কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী কর্মকর্তাদের পদায়নও নিশ্চিত করতে হবে। কোথাও অতিরিক্ত জনবল আর কোথাও ঘাটতি থাকলে বন্দরের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মানান (অতিরিক্ত সচিব) বলেন, বেনাপোল বন্দরের বিদ্যমান জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ বেনাপোল স্থলবন্দরের ওপর নির্ভরশীল। ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে স্থলপথে বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বন্দরে দীর্ঘদিন জনবল সংকট থাকলে এর প্রভাব শুধু বন্দরকেন্দ্রিক থাকবে না। পণ্য খালাসে ধীরগতির কারণে আমদানিকারকদের ব্যয় বাড়ার পাশাপাশি শিল্প ও বাজারব্যবস্থাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)