নিজস্ব প্রতিবেদক
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ
নারী সদস্যদের দিয়ে ফাঁদে ফেলে মোটরসাইকেল, ল্যাপটপ ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— শহরের শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা।
শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে আসামি রাজা ওই যুবকের সাথে যোগাযোগ করে ল্যাপটপটি কেনার কথা বলে তাঁকে যশোরে আসতে বলে। যুবক ল্যাপটপ নিয়ে যশোরে পৌঁছালে রাজা তাঁকে একটি কক্ষে আটকে রাখে। সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সাথে আপত্তিকর ছবি তোলা হয়।
পরবর্তীকালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই যুবকের ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। একই সাথে ভুক্তভোগীর পরিবারকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয়। টাকা আদায়ের পর যুবককে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে রাজা ও তার দুই সহযোগী বৃষ্টি ও জারাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন জানান, ভুক্তভোগী যুবক এ ঘটনায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা আগেও গ্রেফতার হয়েছিল। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।