ধ্রুব ডেস্ক
ফেনীতে ছয়তলা ভবনের পাঁচতলার জানালার সরু কার্নিশে আটকাপড়া মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা ছবি: সংগৃহীত
ফেনীতে ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকে পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রী ওই মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত।
পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্র জানায়, ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে অনিচ্ছুক ছিল। সম্প্রতি সে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতেও গিয়েছিল। পরে আজ সকালে তার বড় ভাই আবার মাদ্রাসায় রেখে আসেন। তবে এর কিছুক্ষণ পরেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। এরপর একপর্যায়ে মাদ্রাসার পাঁচতলার জানালার সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। সে এ কার্নিশে আটকা ছিল।
এ ঘটনা জানাজানি হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পুলিশকেও জানানো হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মামুন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্রী ছাদ থেকে নিচে নামার সময় পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। এ অবস্থায় যেকোনো সময় বিপদ ঘটতে পারত। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে অক্ষত অবস্থায় বেলা দুইটার দিকে তাকে উদ্ধার করেছেন।
মাদ্রাসার মুহতামিম (মাদ্রাসা প্রধান) বলেন, ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। তার মাদ্রাসায় পড়তে অনীহা ছিল। এ কারণে বেশ কয়েকবার সে বাড়ি চলে যায়। আজ তাকে আবার মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর পালাতে চেষ্টা করলে পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই ছাত্রীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে ওই ছাত্রীকে তার স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। এরপরও প্রাথমিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার অনুরোধ করা হয়েছে।