ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজিরালী ও পুরন্দরপুর গ্রামের তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ড জামায়াতে ইসলামী। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজিরালী ও পুরন্দরপুর গ্রামের তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ড জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে হাজিরালী ঝিকরগাছা মহিলা কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আইয়ুব হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঝিকরগাছা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক হারুন অর রশিদ। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ, সচেতন ও আদর্শবান প্রজন্ম গঠনে খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চর্চা প্রয়োজন। তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি ছিলেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতা হারুন অর রশিদ, সোহেল আহমেদ, মাসুদুর রহমান, ইমরান খান, হাফেজ বেলাল হুসাইন, শিমুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মোট তিনটি ফুটবল দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে হাজিরালী গ্রামের দুটি ফুটবল দলের মাঝে দুটি ফুটবল ও দুটি বাঁশি এবং পুরন্দরপুর গ্রামের একটি ফুটবল দলের মাঝে একটি ফুটবল ও একটি বাঁশি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলামুখী করে গড়ে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।