নিজস্ব প্রতিবেদক
যশোরে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সমাপনী। ছবি: ধ্রুব নিউজ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে যশোরে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য শান্তনু ইসলাম সুমিত। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহবান জানান।
প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, যশোরের সাংবাদিক সাইফুল ইসলাম সজল ও সাংবাদিক মহসিন মিলন।
তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জেলা ও উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। এর আগে, গত শনিবার তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।