বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা রুখে দিতে যশোরের বাঘারপাড়ায় প্রতিরোধ মিছিল করেছে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বাঘারপাড়া চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু। সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ ও প্রতিরোধ মিছিলের আয়োজন করা হয়েছে। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল গণতান্ত্রিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব বাবুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৌখিন হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এম এ মানিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম পারভেজ।
এছাড়াও যুবদল নেতা বিল্লাল হোসেন মোড়ল, টগর খন্দকার, মাছুদুর রহমান, সেলিন রেজা, আবু তালেব, বুলবুল, রহিম, রায়হান এবং ছাত্রনেতা জিসান, রাকিব, আলমগীরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।