নিজস্ব প্রতিবেদক
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ছবি: ধ্রুব নিউজ
ঈদ উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তার স্বার্থ সুরক্ষায় যশোরে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে যশোর রেল স্টেশন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ব্যবসায়ীদের কাছে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়েছে কি না, সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মসলার ক্রয় মেমো ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে দোকানে গিয়ে বিভিন্ন পণ্যের দাম জিজ্ঞাসা করেন এবং কোনোভাবেই অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।
অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানা পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো, লাভলু শেখের দোকান (১ হাজার টাকা), সাব্বির স্টোর (১ হাজার টাকা)।
জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের প্রতিদিন হালনাগাদ মূল্যতালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাজারের চলাচলের পথে কোনো পণ্য বা মালামাল না রাখার জন্যও সতর্ক করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান জানান ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। আজকের জরিমানাগুলো প্রাথমিকভাবে সতর্কতামূলক হিসেবে করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধ পুনরায় করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ডও হতে পারে।