চৌগাছা (যশোর) প্রতিনিধি
নিখোঁজের একদিন পর দর্জির লাশ উদ্ধারকালে জনতার ভিড়। ছবি: ধ্রুব নিউজ
চৌগাছায় বাড়ি থেকে বের হওয়ার একদিন পরে কাজল কুমার ঘোষ (৪৬) নামের একজনের লাশ উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ।
শুক্রবার (২২ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের কালি মন্দির এলাকার খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাজল একই গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে। সে নিজ দোকানে দর্জি কাজ করতো।
২২ মে এলাকার মাসুম নামের এক ব্যাক্তি মন্দিরের পাশে তাল কাটার জন্য গাছে উঠে। গাছ থেকে মোবাইলের রিংটন বাজার শব্দ শুনতে পায়। গাছ থেকে নেমে সেখানে গিয়ে মরদেহ দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে চৌগাছা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
কাজলের স্ত্রী রুপা ঘোষ জানায়, কাজল ২১ মে সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পরে আর বাড়িতে ফিরে আসেনি। মেয়ে কোয়েল ঘোষ ও কথা ঘোষকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। রাতেও বাড়িতে ফিরে আসেনি। পরে এলাকার মানুষের মাধ্যমে খবর পেয়ে কাজলের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি কাজলের বলে শনাক্ত করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ পিপিএম বলেন, মৃতদেহের সুরতহাল প্রস্তুত হয়েছে। সঠিক কারন নির্ণয়ের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধ্রুব/এস.আই