নিজস্ব প্রতিবেদক
আগুনে জলছে আফিল ব্রিকসের একটি শেড ছবি: ধ্রুব নিউজ
যশোর সদরের হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’-এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় সংঘটিত এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার সার্ভিস কর্মী ও এক শ্রমিক আহত হয়েছেন।
যশোর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে ব্রিকসের ২ নম্বর শেডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো শেডে ছড়িয়ে পড়লে কারখানা শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মণিরামপুর স্টেশন থেকে একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মী, শ্রমিক ও স্থানীয় জনতার সম্মিলিত চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষয়ক্ষতির বিষয়ে আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, আগুনে কারখানার শেডে থাকা বিপুল পরিমাণ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। যদিও তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, উদ্ধারকাজ চলাকালীন আহত শ্রমিক ও ফায়ার সার্ভিস কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ভয়াবহতা নিয়ে আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, এই আগুনে ব্রিকস ফ্যাক্টরিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল শেড নয়, কারখানার কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।