নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের কাঠেরপুল এলাকায় মাংসের বাজারে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ‘রাজ বিফ হাউজ’ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির মালিক বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকেলে যশোর শহরের কাঠেরপুল মাংস বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসাইন।
আদালত সূত্র জানায়, রাজ বিফ হাউজে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি করা হচ্ছিল—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক বাবুর নামে মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত বাজারের অন্যান্য মাংস ব্যবসায়ীদের দোকানও পরিদর্শন করেন। মাংসের গুণগত মান নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন ফলের দোকানেও তদারকি চালানো হয় এবং ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।