নিজম্ব প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নাসিম আহমেদ ছবি: ধ্রুব নিউজ
যশোরে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে নাসিম আহমেদ (৩৫) নামে এক রিকশাচালককে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার রামনগর ইউনিয়নের খরিচাডাঙ্গার একটি নির্জন স্থানে এই নৃশংস ঘটনা ঘটে।
আহত নাসিম সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত যাত্রীবেশে ভাড়ার কথা বলে নাসিমকে খরিচাডাঙ্গার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছানোমাত্র ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। নাসিম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন মঙ্গলবার সকাল ৮টার দিকে পথচারীরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
নাসিমের মামা শ্বশুর সাদেকুর রহমান জানান, নাসিম অত্যন্ত সহজ-সরল মানুষ এবং রিকশা চালিয়েই তার সংসার চলে। তিনি বলেন, "নাসিমের সাথে কারও কোনো বিরোধ নেই। আমরা ধারণা করছি, ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিল সে। রিকশাটি ছিনতাই করতে না পেরে ক্ষোভে চক্রটি তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে গেছে।"
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম জানান, নাসিমের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, প্রাথমিক ধারণা করছি, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে গিয়ে এই হামলা চালানো হয়েছে। কারা এবং কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।