ধ্রুব রিপোর্ট
ছবি: প্রতীকী
যশোর জেলার চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও জামায়াত কর্মী ওলিয়ার রহমানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিএনপি’র ৬/৭ জন নেতা-কর্মী ওই হামলার সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওলিয়ার রহমান জানান, তিনি জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ কারণে আগে থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিলো। ভোটের পরদিন গতকাল শুক্রবার রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়। এতে “আমি ও আমার ছোট ছোট সন্তানসহ পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি”।
একই ঘটনায় পাশের বাড়ির বাসিন্দা জান্নাতুল ফেরদৌসের বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, “আমি দাঁড়িপাল্লার একজন কর্মী হওয়ায় আমার বাড়িতেও হামলা চালানো হয়েছে। আমার স্বামী প্রবাসে থাকেন। ছোট সন্তানদের নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সুষ্ঠু বিচার চাই।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “নির্বাচনে হার-জিত থাকবেই। কিন্তু নিরীহ কর্মীদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।