নিজস্ব প্রতিবেদক
যশোরে মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে দাউ দাউ করে জ্বলে উঠল নাশকতার আগুন। সদর উপজেলার বাহাদুরপুর মেহগনিতলা বাসিয়াপাড়ায় পার্কিং করে রাখা যুবদল নেতা মো. আবু বক্কর সিদ্দিকী বেলালের দুটি বাস টার্গেট করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঘটা এই অগ্নিকাণ্ডে ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ নম্বরের বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং পাশের অন্য একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের নির্বাহী সদস্য ও বাস মালিক আবু বক্কর সিদ্দিকী বেলাল জানান, সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে বাহাদুরপুর স্কুল কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিলেন। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই পরিকল্পিতভাবে তার জীবিকার ওপর এই আঘাত হানা হয়েছে। তিনি বলেন, খবর পেয়ে এসে দেখি আমার তিলে তিলে গড়া স্বপ্ন আগুনে পুড়ছে। ফায়ার সার্ভিস আসার আগেই সব ছাই হয়ে গেছে।
ঘটনার পর শনিবার সকালে ক্ষতিগ্রস্ত বাস দুটি দেখতে যান বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার সমবায় সম্পাদক রুহুল হোসেন (রুহুল আমিন), নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রাজু আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকরাই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, আগুনটি নাশকতামূলকভাবে দেওয়া হয়েছে নাকি অন্য কোনো সূত্রপাত থেকে লেগেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন ডিউটি অফিসার এসআই সাদিয়া মিম।